চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষ্মীপুর-বাদুরতলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হাসিনা বেগম (৫০), তার ভাতিজি আশা খাতুন (২৮) ও আশার মেয়ে মিম (১৩)।

স্বজন ও পুলিশ জানায়, বৃষ্টির কারণে বাড়ির ভেতরের লোহার সিঁড়ি বিদ্যুতায়িত হয়। সিঁড়িটি স্পর্শ করায় প্রথমে আশা ও মিম বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে এগিয়ে গিয়ে হাসিনা বেগমও মারা যান। স্থানীয়দের আরেকটি বর্ণনায় জানা যায়, প্রথমে হাসিনা বেগম সিঁড়িতে হাত দিলে অন্যরা বিদ্যুৎস্পৃষ্ট হন। পুলিশ প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।

আরও পড়ুন

বারঘরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশীদ বলেন, বৃষ্টির কারণে লোহার সিঁড়িটি বিদ্যুতায়িত হয়। অসাবধানতাবশত সেটি স্পর্শ করায় ঘটনাস্থলে তিনজন মারা যান।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ফজলুর রহমান জানান, সমিতির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করছে। টিম ফিরে আসলে প্রকৃত রহস্য জানা যাবে।

জেলা প্রশাসক আবু সালেহ মো. জংগী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি জেলার বিদ্যুৎ ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর