ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩
ছবি: টাইমস
Advertisement
Advertisement

ময়মনসিংহে ট্রাক ও ব্যাটার চালিত অটোরিকশার সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের শম্ভুগঞ্জ পল্লীবিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপোর সামনে এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ব্যাটারি চালিত অটোরিকশাটি শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপো থেকে বের হওয়া একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দেবরাজ ঘোষ নামে একজন মারা যান। দেবরাজ নগরীর জুবিলীঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে।

আরও পড়ুন

এ সময় অটোচালকসহ আরও তিনজন নারী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন।

নিহত দুই নারী হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দাদরা এলাকার আব্দুল মোতালেবের মেয়ে শীলা এবং শম্ভুগঞ্জ মাঝিপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী আবেদা। অপর নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে, অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে।

এসআই খালিদ বলেন, একটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে নিহত দুই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad