ঢাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনহীন হুটার ও অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সরঞ্জামের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার সকালে সংসদ ভবন-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় এ অভিযান পরিচালনা করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান। অভিযানের সময় বিভিন্ন যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ন, অনুমোদনবিহীন হুটার এবং অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সরঞ্জাম ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
এ সময় চালক ও যানবাহনের মালিকদের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি শব্দদূষণের কারণে জনস্বাস্থ্য, পরিবেশ ও নগরজীবনের ওপর ক্ষতিকর প্রভাব সম্পর্কে তাদের সচেতন করা হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, শব্দদূষণ জনস্বাস্থ্য, পরিবেশ ও নগরজীবনের জন্য একটি বড় হুমকি। এ কারণে রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে ডিএমপির সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চলছে।
তিনি সড়কে চলাচলকারী সব যানবাহনের চালক ও মালিককে ট্রাফিক আইন মেনে চলা এবং অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীতে জনবান্ধব, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিত করতে শব্দদূষণবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


