যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন অন্তত আটজন।
স্থানীয় সময় শনিবার বিকালে ইঞ্জিনিয়ারিং ভবনে এই গুলির ঘটনা ঘটে। সেসময় ভবনটিতে চূড়ান্ত পরীক্ষা চলছিল।
রয়টার্স জানিয়েছে, এই ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সতর্কতা জারি করা হয়েছে। গোটা ক্যাম্পাস ঘিরে রেখেছে পুলিশ।
কর্মকর্তারা জানিয়েছেন, তারা কালো পোশাক ও মুখে মাস্ক পরিহিত এক ব্যক্তিকে খুঁজছেন। এরই মধ্যে ওই সন্দেহভাজন ওই ব্যক্তির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
পুলিশ তাৎক্ষণিকভাবে নিহতদের অবস্থা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। এফবিআই পরিচালক কাশ প্যাটেল তার এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘সকলের জন্য প্রার্থনা করুন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আরও তথ্য দিয়ে আপডেট করব।’
প্রতিবেদন অনুযায়ী, গোলাগুলির ঘটনাটি বারাস অ্যান্ড হলি ভবনে ঘটেছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং এবং পদার্থবিদ্যা বিভাগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুসারে, সাততলা এই ভবনে ১০০টিরও বেশি গবেষণাগার এবং কয়েক ডজন শ্রেণিকক্ষ ও অফিস রয়েছে।


