গোপালগঞ্জের পৃথক তিনটি স্থান থেকে এক গৃহবধূ ও দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার জেলার সদর ও মকসুদপুর উপজেলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা লঞ্চঘাট এলাকায় স্বামীর সঙ্গে অভিমান করে হুমায়রা বেগম নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি ঘোষেরচর দক্ষিণপাড়া এলাকার আলী হোসেনের স্ত্রী।
স্বজনদের ভাষ্য, পারিবারিক অভিমানে বাবার বাড়িতে এসে তিনি আত্মহত্যা করেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের সটফাগ্রাম এলাকায় নয়ন মোল্লা নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ একটি বাগানের গাবগাছ থেকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ছাড়া মকসুদপুর উপজেলার বহুগ্রাম এলাকার অলিয়ার মোল্লার ছেলে সজীব মোল্লা পারিবারিক কলহের জেরে স্ত্রীর প্রতি অভিমান করে শ্বশুরবাড়ি বসিরহাট এলাকায় গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ জানান, ঘটনাগুলোর তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


