সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার মুক্তি দাবি

সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার মুক্তি দাবি
Advertisement
Advertisement

সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ বাতিল করে তাদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে গণমাধ্যম অধিকার বিষয়ক সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে)।

সোমবার ভিারতের নয়া দিল্লি থেকে এক বিবৃতিতে সিপিজে এই দাবি জানায়।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা এই দুই সাংবাদিক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছেন। ২০১৩ সালের মে মাসে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সরকারের নেওয়া পদক্ষেপের ওপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়। মামলায় শাপলা চত্বরে ৫৮ জন মানুষ মারা যান বলে উল্লেখ রয়েছে।

একাত্তর টিভির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে গত ১৪ মে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, মোজাম্মেল বাবুর নির্দেশে ফারজানা রূপা শাপলা চত্বরের ঘটনা নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন, যেখানে প্রচার করা হয়েছিল ওই রাতে কেউ মারা যায়নি।

আরও পড়ুন

বিবৃতিতে সিপিজে’র এশিয়া-প্যাসিফিক কর্মসূচির সমন্বয়ক কুনাল মজুমদার বলেন, সাংবাদিকতা  করার জন্য কারও বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা দেওয়া মেনে নেওয়া যায় না। সরকারের উচিত এসব মামলা তুলে নিয়ে সাংবাদিকদের ওপর রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি বন্ধ করা।

এই ট্রাইব্যুনালে অপরাধ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডও হতে পারে, কারণ নির্দিষ্ট অপরাধের সাজার ক্ষেত্রে ট্রাইব্যুনালের আলাদা কোনো নির্দেশিকা নেই।

এর আগে ২০২৪ সালের গণআন্দোলনের সময় দায়ের হওয়া পৃথক একটি হত্যা মামলায় ২০২৪ সালের আগস্ট থেকেই তারা কারাগারে বন্দি আছেন। ওই মামলায় হাইকোর্ট তাদের জামিন দিলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা স্থগিত করে দেয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে সিপিজে’র পক্ষ থেকে মেইল করা হলেও বাংলাদেশের আইন মন্ত্রণালয় ও চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে কোনো উত্তর পাওয়া যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad