পঞ্চগড়ে ধানখেত থেকে বিপন্ন প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার বিকালে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের প্রধানাবাদ আধখানা পাড়া এলাকার ধানখেত থেকে সাপটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, ধানখেতে বেড়া দেওয়া জালে পেঁচানো অবস্থায় অজগরটিকে আটকা পড়ে থাকতে দেখে তারা দেবীগঞ্জ বন বিভাগে খবর দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা স্থানীয়দের সহযোগিতায় জীবিত সাপটি উদ্ধার করে তাদের কার্যালয়ে নিয়ে যান।
সাপটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট এবং ওজন প্রায় আট কেজি। অজগর আটকা পড়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভিড় জমায়। মুহূর্তের মধ্যে আশপাশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসে সাপটিকে দেখতে জড়ো হয়।
স্থানীয় স্কুলশিক্ষক নির্মল কুমার রায় বলেন, ‘অজগর সাপ উদ্ধারের খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। মুহূর্তের মধ্যেই শত শত মানুষ সেখানে ভিড় করে।’
দেবীগঞ্জ উপজেলা বন বিভাগের কর্মকর্তা রিয়াজুল হাসনাত জানান, উদ্ধারকৃত সাপটি ভারতীয় অজগর। ধারণা করা হচ্ছে, সম্প্রতি বন্যার পানির স্রোতে এটি ভারত থেকে ভেসে এসেছে এবং খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করেছে। তিনি বলেন, ‘সাপটি বর্তমানে সুস্থ আছে। দ্রুতই এটিকে দিনাজপুরের সিংড়া বনে অবমুক্ত করা হবে।’


