বিশ্বকাপে যেকোনো দলের সঙ্গে লড়তে প্রস্তুত ব্রাজিল

বিশ্বকাপে যেকোনো দলের সঙ্গে লড়তে প্রস্তুত ব্রাজিল
ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

বিশ্বকাপের ২৪ বছরের দীর্ঘ অপেক্ষা ফুরাবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেকোনো দলের সঙ্গে টেক্কা দেওয়ার সামর্থ্য রয়েছে বলে মনে করেন তিনি।

ক্লাব কোচ হিসেবে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন আনচেলত্তি। এবারই প্রথম বিশ্বকাপের ডাগআউটে দাঁড়াতে যাচ্ছেন এই ইতালিয়ান। ২০০২ সালের পর থেকে ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি সেলেসাওরা।

নিউ জার্সিতে শনিবার গ্রুপ ‘সি’-তে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচ। তার আগে আনচেলত্তি বলেন, ‘এটি নতুন অভিজ্ঞতা, নতুন দায়িত্ব। ফুটবলের দেশের প্রতিনিধিত্ব করা এক অনন্য মুহূর্ত। আমার ক্যারিয়ারের সুন্দর সময়।’

৬৭ বছর বয়সী এই কোচ আরও বলেন, ‘দলের মান ও অভিজ্ঞতা রয়েছে। যেকোনো দলের সঙ্গে লড়ার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’

এবারের বিশ্বকাপ বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন আনচেলত্তি। মরক্কো, স্কটল্যান্ড ও হাইতিকে নিয়ে গড়া গ্রুপ থেকে লড়তে খেলোয়াড়েরা প্রস্তুত।

অবশ্য বাছাইপর্বের পারফরম্যান্স ব্রাজিলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ১৮ ম্যাচের ৬টিতেই হেরেছে তারা। টেবিলের পঞ্চম স্থানে থেকে মূল পর্বে জায়গা করে নেয় দলটি। চোটের কারণে রদ্রিগো ও এস্তেভাও দলে নেই। প্রথম ম্যাচে খেলতে পারছেন না নেইমারও।

আরও পড়ুন

গত মে মাসের মাঝামাঝিতে ডান পায়ের পেশির চোটে পড়েন ৩৪ বছর বয়সি নেইমার। আনচেলত্তি জানান, আগামী সপ্তাহে নেইমার অনুশীলনে ফিরতে পারেন। ২০২৩ সালের পর দেশের হয়ে আর মাঠে নামেননি তিনি।

কোচ বলেন, ‘নেইমার দ্রুত সুস্থ হতে পরিশ্রম করছেন। ফুটবলীয় দক্ষতার পাশাপাশি তার অভিজ্ঞতা তরুণদের অনুপ্রাণিত করবে।’

ইতিহাস বদলাতে চান ভিনিসিয়ুস

নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণভাগের দায়িত্ব থাকবে ভিনিসিয়ুস জুনিয়রের কাঁধে। সঙ্গে থাকছেন রাফিনিয়া, মার্কিনিয়োস ও কাসেমিরো।

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড স্পষ্ট জানিয়েছেন, তার মূল লক্ষ্য ব্রাজিলকে শীর্ষে নিয়ে যাওয়া। ভিনিসিয়ুস বলেন, ‘গত বিশ্বকাপের চেয়ে এবার আমার অভিজ্ঞতা বেশি। একটি চমৎকার টুর্নামেন্ট উপহার দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি। দল হিসেবে আমরা অনেক উন্নতি করেছি। বিশ্বকাপে সবকিছু শূন্য থেকে শুরু হয়। অতীতে কে ফাইনালে খেলেছে বা কোপা আমেরিকা জিতেছে, তা ম্যাটার করে না। আমরা ইতিহাস বদলাতে চাই।’

১৯৯৮ সালের বিশ্বকাপে মরক্কোকে ৩-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকান দলটি ব্যবধান কমিয়ে এনেছে। ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল মরক্কো। ঘরের মাঠে তাদের আফ্রিকা কাপ অব নেশনস ট্রফিও দেওয়া হয়েছে। সেনেগালের সঙ্গে ফাইনালের একটি পেনাল্টি বিতর্ক এখন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) বিচারাধীন।

মরক্কোর বর্তমান কোচ মোহাম্মদ ওয়াহবি গত মার্চে ওয়ালিদ রেগ্রাগুইয়ের স্থলাভিষিক্ত হন। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে ওয়াহবি বলেন, ‘এই ম্যাচটি আমাদের অবস্থান বুঝিয়ে দেবে। টুর্নামেন্ট শুরুর জন্য আমরা ভালো অবস্থায় আছি।’

মরক্কো কোচ আরও বলেন, ‘অনেকেই বলছেন এটি আগের সেই ব্রাজিল নয়, তবুও তারা ব্রাজিল। তাদের ভয় পাওয়ার কিছু নেই, তবে সম্মান করতে হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad