খুলনার শীর্ষ সন্ত্রাসী সংগঠন ‘বি কোম্পানির’ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে খুলনার শীর্ষ সন্ত্রাসী সংগঠন ‘বি কোম্পানির’ চারজন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বটিয়াঘাটার দ্বীন ইসলাম ওরফে দীনু (৩২), খুলনা সদর এলাকার হাসিব হাওলাদার (২৬) ও একই এলাকার আবিদ হাসান ওরফে আবুজার (২৯) এবং সেনাডাঙ্গা থানা এলাকার মো. রাসেল (২৯)।
আসামিরা ভীতি প্রদর্শনের মাধ্যমে মাদকের বিস্তার এবং খুলনা মহানগরী জুড়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানায় র্যাব।
এর মধ্যে আবুজারের বিরুদ্ধে খুলনা মহানগরীর একাধিক থানায় মাদক, চুরি ও সন্ত্রাসবাদ আইনে ১০টির বেশি মামলা রয়েছে। আরেক সন্ত্রাসী দীনুর বিরুদ্ধে খুলনা মহানগরীর বটিয়াঘাটা থানায় অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে।
এছাড়া হাসিব হাওলাদারের বিরুদ্ধে খুলনা মহানগরীর লবণচরা থানায় অস্ত্র দেখিয়ে ভীতি প্রদর্শন, চুরি ও মারধরের মামলা রয়েছে। আরেক সন্ত্রাসী মো. রাসেলের বিরুদ্ধে খুলনা মহানগরীর একাধিক থানায় সন্ত্রাসবাদ আইনে মামলা রয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে দীনুকে কেএমপির বটিয়াঘাটা থানায় এবং হাসিব হাওলাদার, আবুজার ও রাসেলকে কেএমপির সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


