হরমুজ প্রণালিতে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অবসানে পাকিস্তানের মধ্যস্থতার পর ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদে শান্তি আলোচনায় বসার বিষয়টি বিবেচনা করছে তেহরান।
সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
দীর্ঘদিন ধরে ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ নতুন দফার শান্তি আলোচনার পথে প্রধান বাধা হিসেবে দেখা দিচ্ছে।
তেহরান আগে থেকে জানিয়ে আসছিল, এই অবরোধ না তোলা পর্যন্ত তারা পাকিস্তানে কোনো প্রতিনিধিদল পাঠাবে না।
সোমবারের পরিস্থিতির কথা উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, ‘মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার এবং আলোচনায় ইরানের অংশগ্রহণ নিশ্চিত করতে ইতিবাচক প্রচেষ্টা চালাচ্ছে। তবে আলোচনার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।’
এর আগে, এদিন সকালে অবরোধ ভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের একটি পণ্যবাহী জাহাজ আটক করলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল, ওয়াশিংটনের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসার পরিকল্পনা তাদের নেই।


