ঢাকার যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনাল-২ অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেয়।
এদিন সকালে এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান জানান, আসামিদের গ্রেপ্তার করে আগামী ৫ জানুয়ারি আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
এর আগে, ২০২৪ সালের ২০ জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে মারা যান ইমাম হাসান তাইম। তার বাবা মো. ময়নাল হোসেন ভূঁইয়া একজন পুলিশ কর্মকর্তা।


