ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আড়াই ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে প্রশাসনের মধ্যস্থতায় বাস চলাচল শুরু হয়।
এর আগে বন্ধন পরিবহনের অভ্যন্তরীণ মালিকানা বিরোধকে কেন্দ্র করে দুপুরে আকস্মিক ধর্মঘট ডাকেন পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
বন্ধন পরিবহনের এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি বাসের মালিকানা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার রাতে কোম্পানির সাবেক এমডি ও মহানগর বিএনপি নেতা মাহবুবউল্লাহ তপন বাসটি আটকে দেন। এর প্রতিবাদে সাবেক ছাত্রদল নেতা জাকির খানের অনুসারী, বর্তমান এমডি শাহজালাল লিটন ও পরিচালক দেলোয়ার হোসেনের সমর্থকরা আজ দুপুরে বাস চলাচল বন্ধ করে ধর্মঘট ডাকেন।
ধর্মঘট চলাকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন পয়েন্টে যাত্রীরা দীর্ঘ সময় আটকে থাকেন। অনেকে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে রওনা হন।
উৎসব পরিবহনের এক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিরোধের কারণে পুরো রুটের বাস বন্ধ রাখা হয়েছে। এতে সাধারণ যাত্রী ও অন্য পরিবহন মালিক-শ্রমিকরা ক্ষতির মুখে পড়েছেন।’
অভিযোগের বিষয়ে জানতে মাহবুবউল্লাহ তপন ও শাহজালাল লিটনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘মালিকদের অভ্যন্তরীণ বিরোধে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে। বর্তমানে বাস চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।’
উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরেও বন্ধন পরিবহনের নিয়ন্ত্রণ ও মালিকানা নিয়ে জাকির খান ও মাহবুবউল্লাহ তপনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ, গুলিবিনিময় ও বাস চলাচল বন্ধের ঘটনা ঘটেছিল।


