মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঝালকাঠি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক বার্তায় তথ্যটি নিশ্চিত করেছে।
গত সোমবার ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে শাজাহান রোডের একটি আবাসিক ভবনের সাততলার ফ্ল্যাট থেকে মা-মেয়ের ‘গলাকাটা’ রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই নারীর নাম লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ের নাম নাফিসা লাওয়াল বিনতে আজিজ (১৫)।
এ হত্যার পেছনে নিহতদের বাসার গৃহকর্মীকে সন্দেহ করা হচ্ছে। তাকেই একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন নিহত লায়লার স্বামী আজিজুল ইসলাম।

পুলিশের তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, হত্যার এই ঘটনার চারদিন আগে কাজ খুঁজতে ওই বাড়ির দারোয়ানের কাছে যান সন্দেহভাজন অভিযুক্ত আয়েশা। লায়লা আফরোজের বাসায় গৃহকর্মীর প্রয়োজন থাকায় দারোয়ান আয়েশাকে ওই বাড়িতে পাঠায়।
বাড়ির নিরাপত্তারক্ষীর বরাতে জানা যায়, লায়লা আফরোজের বাসায় কাজ নেওয়ার পর প্রতিদিন আয়েশা সকাল ৭টার দিকে আসতো এবং প্রায় তিন ঘণ্টা পর বেরিয়ে যেতো। সোমবারও সে একই সময়ে কাজে আসে।
ওই বাসার গৃহকর্তা আজিজুল ইসলাম সকালে কাজের উদ্দেশে বের হয়ে যাওয়ার পর পর এ হত্যাকাণ্ড ঘটানো হয়।
তিনি বাড়ি ফিরে স্ত্রী ও মেয়ের মরদেহ দেখতে পান। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্দেহভাজন অভিযুক্ত গৃহকর্মী আয়েশা এক পর্যায়ে নিহত নাফিসার স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বের হয়ে রিকশা নিয়ে চলে যান।
আয়েশার প্রকৃত নাম-পরিচয়, জাতীয় পরিচয়পত্র ও বর্তমান ঠিকানা না পাওয়ায় তাকে গ্রেপ্তারে একাধিক স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনী। তারই ধারাবাহিকতায় ঝালকাঠি থেকে আয়েশাকে গ্রেপ্তার করে পুলিশ।


