ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে গেছেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
বুধবার সকাল ১১ টার দিকে পাঁচ সদস্যের কমিশন নিজেরা বৈঠক করেন। এরপর ১১টা ৩০ মিনিটের দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন।
বেলা সাড়ে ১২ টায় রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি অবহিত করা হয় রাষ্ট্রপতিকে। এরপর সিইসি বিটিভি-বেতারে ভাষণের মাধ্যম ভোটের তফসিল ঘোষণা করেন।
বুধবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। এদিন সকাল থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আশাপাশে নিরাপত্তা ব্যবস্থাও তুলনামুলক জোরদার করা হয়েছে।
ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করা হবে। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পযন্ত চলবে।
সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন; বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ও ভোটের তারিখ নির্ধারণ করা হবে তফসিলে। আর গণভোটের জন্য শুধু ভোটের তারিখটি উল্লেখ করা হবে।


