ঢাকার পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিরপুর ১২ নম্বরের ‘সি’ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।
যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।
হত্যার পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে, যা দেখে মনে হতে পারে এটি কোনো সিনেমার দৃশ্য।
ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে কথা বলতে বলতে একটি স্যানেটারি সামগ্রীর দোকানে প্রবেশ করেন যুবদল নেতা কিবরিয়া। এর কয়েক সেকেন্ডের মধ্যেই দোকানের মূল দরজা দিয়ে প্রবেশ করেন হেলমেট পরা তিন ব্যক্তি।

দোকানে ঢুকেই পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি গোলাম কিবরিয়াকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। এসময় তিনি মাটিতে পড়ে যান। তখন চাদর জড়িয়ে থাকা আরেক ব্যক্তি কিবরিয়াকে আরও কয়েকটি গুলি করে দোকান থেকে বের হয়ে যান।
গোলাম কিবরিয়াকে দ্রুত উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, ‘কিবরিয়াকে গুলি করার ঘটনায় একজন আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।’


