মালয়েশিয়ায় বাংলাদেশি এক শ্রমিককে (৩৭) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে দেশটির কেদাহ রাজ্যের ইয়ান জেলার তেরোই এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, নিহতের গলা ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় মালয়েশিয়ার দুই নাগরিকসহ ছয়জনকে আটক করেছে দেশটির পুলিশ।
ইয়ান জেলা পুলিশ প্রধান মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানান, দেরিতে কাজে যাওয়ায় ওই শ্রমিককে ভর্ৎসনা করেন তার এক সহকর্মী। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি বৈদ্যুতিক তার দিয়ে শ্রমিকের গলা পেঁচিয়ে ধরেন। কিছুক্ষণ পরেই ভুক্তভোগী অচেতন হয়ে পড়েন। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি থানায় গিয়ে পুরো ঘটনা জানিয়ে আত্মসমর্পণ করেন।
পুলিশ জানিয়েছে, একতলা একটি বাড়িতে এ হত্যাকাণ্ড হয়। সেতু নির্মাণ প্রকল্পে কর্মরত মালয়েশিয়ার দুজন ও বাংলাদেশের পাঁচ শ্রমিক বাড়িটিতে বসবাস করতেন। হত্যার খবর জেনে পুলিশ বাকি ছয়জনকে আটক করে। তাদের বয়স ২৯ থেকে ৪৪ বছর। ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার, একটি দা এবং একটি রড উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।
মোহাম্মদ হামিজি আরও বলেন, ‘আটককৃতদের শনিবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।’


