পেশাদার খুনি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ তুলে নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়েছেন নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফা।
স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘হয়তো আজ আমার জন্য সংসদে শোক প্রস্তাব আনতে হতো। আমি আপনার কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা চাই। স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে আমার এলাকার কর্মীদের নিরাপত্তা চাই।’
রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি এই দাবি জানান।
মাছুম মোস্তফা সংসদকে জানান, মাগরিবের নামাজের সময় একটি ফিলিং স্টেশনের মসজিদে গেলে বিএনপির নামধারী কিছু লোক তার গাড়ির ওপর হামলা চালায়। তার কর্মীদের ওপর শারীরিক নির্যাতন করা হয় এবং মসজিদে ঢুকে তাকে খোঁজার চেষ্টা করা হয়। মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দিলে হামলাকারীরা অস্ত্র দিয়ে দরজা ভাঙার চেষ্টা করে।
তাকে হত্যার জন্য সেখানে পেশাদার খুনি আনা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে স্পিকার জানান, তিনি পত্রিকার মাধ্যমে জেনেছেন পুলিশ ইতোমধ্যে নয়জনকে গ্রেপ্তার করেছে।
এর জবাবে সংসদ সদস্য বলেন, ‘ধৃতদের মধ্যে মাত্র একজন তালিকাভুক্ত আসামি, বাকিরা নিরপরাধ এবং তারা জামিনে মুক্তি পেয়েছেন। প্রকৃত অপরাধীরা প্রকাশ্যে মিছিল করছে এবং পুলিশ তাদের গ্রেপ্তার করছে না বলে তিনি অভিযোগ করেন।
সংসদে উপস্থিত স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘সংসদ নেতা (প্রধানমন্ত্রী) আমাকে নিশ্চিত করেছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে।’
স্পিকারবিষয়টিকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন এবং প্রকৃত অপরাধীদের ধরার বিষয়ে সরকারের আশ্বাসের ওপর সংসদ সদস্যকে আস্থা রাখতে বলেন।


