ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেয়ার অভিযোগে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। রবিবার রাতে মিরপুর ১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এই ঘটনাটি ঘটেছে বলে জানানো হয় অভিযোগে। অভিযোগ দায়ের করেন বাদী সিফাতুর রহমান সৌরভ। জানা গেছে বাদী সৌরভ তাসকিনের বাল্যবন্ধু। তবে মারধর ও হুমকি দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন তাসকিন।
দেশের একটি সংবাদ মাধ্যমকে তাসকিন জানিয়েছেন, তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ পুরোপুরি মিথ্যা। ভুয়া জিডি করে তাকে বিব্রত করার চেষ্টা করছেন অনেকে। বাসা পরিবর্তনের কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে তাসকিন বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা। আমি বাসা পরিবর্তন নিয়ে ব্যস্ত। আমি ওদের মারিনি। ওরা আমার নামে মিথ্যা জিডি করে আমাকে বিব্রত করার চেষ্টা করছে।’
তাসকিন পাল্টা অভিযোগে জানান, অন্য এক বন্ধুর জন্য থানায় ফোন করে সাহায্য চাওয়ার জন্যই তার বিরুদ্ধে জিডি করেছেন সৌরভরা। বিসিবির কেন্দ্রীয় চুক্তির ‘এ+’ ক্যাটাগরিতে থাকা এই ডানহাতি পেসার বলেন, ‘আমার বন্ধু রসি নামে একজন আছেন, ওরা আমার এই বন্ধুকে মেরেছে। তাই আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করেছিলাম। পুলিশ গিয়ে ওদেরকে মোহাম্মদপুরে খুঁজেছে। এজন্য এরা উল্টো আমার নামে জিডি করেছে।’
থানা সূত্রে প্রথমে জানা গেছে, তাসকিনের বিরুদ্ধে করা অভিযোগ আনুষ্ঠানিকভাবে তারা গ্রহণ করেছেন, ইতোমধ্যে প্রাথমিক তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু পরবর্তীতে মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমেন জানান, বিষয়টি তারা জিডি হিসেবে নয়, অভিযোগ হিসেবে গ্রহণ করে খতিয়ে দেখছেন। ঘটনার সত্যতা পাওয়ার ভিত্তিতে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।
তাসকিনের এই ঘটনায় আলোচনা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। সোমবার মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের জানান, এই বিষয়ে আলাদা তদন্ত করবে বিসিবি। মিঠু বলেন, ‘মিডিয়াতে নিউজটা সকালে দেখলাম। আমাদের আমিনুল ইসলাম বুলবুল এবং ফাহিম ভাইও দেখেছে। এটা নিয়ে অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে তাহলে সেটা খুব দুঃখজনক। আইকন প্লেয়ার এসবে জড়ানো উচিত না। আমি এই ব্যাপারে আর মন্তব্য করতে চাচ্ছি। কি হয়েছে সেটা আগে বের হোক।’


