ডারউইন টেস্টের প্রথম ইনিংসের দ্বিতীয় দিনের চা বিরতি শেষে বাংলাদেশের বিপক্ষে নতুন বল নিয়েছে অস্ট্রেলিয়া। আর এতেই খেই হারিয়েছে টাইগাররা। ২৯৭ রান পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৯৯ রানের লিডে থেকে অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিল নাজমুল শান্তরা।
তবে হ্যাজলউডের করা বলে বাড়তি বাউন্সের মুখে রক্ষণাত্মক শট খেলতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লাগে শান্তর। দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথ সহজ ক্যাচ ধরে ৮৪ রান করা অধিনায়ক শান্তকে ড্রেসিংরুমে ফেরান।
এরপর থেকেই টাইগার ব্যাটাররা শক্তিশালী জুটি গড়ে তুলতে ব্যর্থ হচ্ছেন। শান্তর বিদায়ের পর ক্রিজে আসেন লিটন দাস। রানের খাতা খোলার আগেই মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে উইকেট হারান এই উইকেটকিপার ব্যাটার।
৮৫ ওভারে কামিন্সের বলে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। ৩৬ রানে স্মিথের হাতে ক্যাচ তুলে দেন তিনি।
প্যাট কামিন্স তার চেনা লেংথে বল করেন। অফ স্টাম্পের কিছুটা বাইরে থাকা বলটি সাধারণত ভেতরের দিকে ঢুকে আসে, তবে এবার সেটি নিজের লাইন ধরে এগিয়ে যায়।
মুশফিকুর রহিম প্রথমে বলটি খেলবেন নাকি ছেড়ে দেবেন—সেই দ্বিধায় পড়ে যান। ব্যাকলিফট থেকে ব্যাট নামানোর মাঝপথে তাঁর ব্যাটের সঙ্গে হালকা স্পর্শ লেগে বল চলে যায় স্লিপ অঞ্চলে। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ ক্যাচ নেন স্টিভ স্মিথ।
এই উইকেটের মাধ্যমে অবশেষে স্বস্তি ফিরে পায় অস্ট্রেলিয়া।


