মানবিক রাষ্ট্র গঠন এবং জনগণের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় দেশ গড়ার কাজে তিনি এই সহযোগিতা কামনা করেন।
দুপুর থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলা এই মতবিনিময় সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা চাই না সারাক্ষণ, হাটে-ঘাটে-মাঠে সব সময় শুধু রাজনীতি নিয়ে কথা বলতে। রাজনীতির পাশাপাশি আমাদের অর্থনীতি, সমাজনীতি ও মানবিক মূল্যবোধ রয়েছে।’
প্রধানমন্ত্রী সমাজে মানবিক ও সামাজিক বোধ জাগিয়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘একটা কুকুরকে মারা হচ্ছে আর আমরা বসে বসে ভিডিও করছি। একটা পশুকে কিংবা একটা মানুষকে মেরে ফেলা হচ্ছে–এই যে আমাদের ভেতরের মানবিক অনুভূতি ও মূল্যবোধগুলো, এগুলোকে আবার জাগিয়ে তোলা দরকার। এ ব্যাপারে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’
প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ দিয়ে গণমাধ্যম ব্যক্তিত্বদের কথা শুনেছেন এবং আগামী দিনগুলোতেও মিডিয়ার সঙ্গে নিয়মিত মতবিনিময় করার কথা বলেছেন। সভা শেষে প্রধানমন্ত্রী মিডিয়ার শীর্ষ কর্মকর্তাদের মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেন।
মতবিনিময় সভা প্রসঙ্গে মোহনা টিভির বার্তা প্রধান রাশেদুল হক বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে গণমাধ্যমের বর্তমান অবস্থা এবং বিভিন্ন সমস্যা নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খোলামেলা আলোচনা করেছি। ইউরোপ বা আমেরিকা নয়, বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন।’
তিনি আরও জানান, সভায় গণমাধ্যম কমিশন গঠন, ইলেকট্রনিক মিডিয়ার জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণ, সাংবাদিকদের কর্মপরিবেশ এবং চাকরির নিরাপত্তাসহ বিভিন্ন দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে।
মতবিনিময় সভায় গণমাধ্যমের পক্ষে বক্তব্য দেন বাংলাভিশনের আবদুল হাই সিদ্দিকী, সময় টিভির জুবায়ের বাবু, ডিবিসির লোটন ইকরাম, একাত্তর টিভির শফিক আহমেদ, জিটিভির গাউসুল আজম বিপু, দেশ টিভির মহিউদ্দীন, নিউজ টোয়েন্টিফোরের শরিফুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের জহিরুল আলম, যমুনা টিভির ফাহিম আহমেদ, নাগরিক টিভির ইরফানুল হক নাহিদ, আরটিভির ইলিয়াস হোসেন এবং বাংলা টিভির এম এম বাদশা প্রমুখ।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ও মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।


