চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে আগামী শনিবার (১ নভেম্বর) এক মানববন্ধনের আয়োজন করেছে তার ভক্তরা। এটি ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।
সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম জানান, ভক্তরা হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে একত্রিত হবেন।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের নিজ বাসায় মারা যান। পুলিশি তদন্তে আত্মহত্যা বলা হলেও তার পরিবার এবং ভক্তরা সবসময়ই দাবি করেছেন এটি পরিকল্পিত হত্যা। সম্প্রতি রমনা থানায় দায়ের করা নতুন হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা হককে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গডফাদার আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডনসহ আরও ১১ জনকে আসামি করা হয়েছে।
ভক্তরা সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই মানববন্ধনে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সালমান শাহ শুধু একজন তারকা নন, তিনি বাংলাদেশের সিনেমার নবজাগরণের প্রতীক। তার মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত, যা আমাদের কষ্ট দেয়। আমরা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।’


