ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কাতারে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।
শনিবার দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের সবসময় সঙ্গে নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস কাতারের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে বলেছে, কাতার সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুযায়ী চলতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড করা কাতারের আইনের পরিপন্থি বলেও সতর্ক করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে সংযত ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ এবং ইমেইল: [email protected]–এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার সকালে ইরানে যৌথভাবে হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে পাল্টা হামলা শুরু করে ইরানও। কাতার, বাহরাইন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।


