নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের লক্ষ্য করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি লক্ষ্য করা গেছে, একটি প্রতারক চক্র নির্বাচনকালীন সম্মানি দেওয়ার কথা বলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। এ কাজে প্রতারকরা ০১৩৪২০৪৬২৩২ ও ০১৬১২৬৭৭০৭৪ নম্বর থেকে ফোনকল করছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক (ইসিতে সংযুক্ত) মো. মামুন অর রশিদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে ইসি জানিয়েছে, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিধি অনুযায়ী প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে নিজ নিজ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে নির্বাচনকালীন সম্মানি প্রদান করা হবে। এ জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আলাদা করে যোগাযোগের প্রয়োজন নেই।
নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাকে প্রতারক চক্রের কোনো ফোনকলে সাড়া না দিতে বিশেষভাবে আহ্বান জানিয়েছে।


