নিরাপত্তাব্যবস্থায় ভোটাররা সন্তুষ্ট প্রকাশ করেছেন বলে জানিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বৃহস্পতিবার রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
পরিদর্শনকৃত কেন্দ্রগুলোর মধ্যে ছিল টি অ্যান্ড টি স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও মডেল কলেজ ও খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয়।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রে গৃহীত নিরাপত্তাব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা কার্যক্রম এবং দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রস্তুতি ও তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াসহ ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় কেন্দ্রসমূহে আগত ভোটাররা নিরাপত্তাব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষা কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করতে পারার বিষয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করেন।
এদিকে, ঢাকা মহানগরের ভোটকেন্দ্রসমূহে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২৭ হাজার ৭০৩ জন আনসার ও নগর প্রতিরক্ষা দল (টিভিপি) সদস্য স্ট্যাটিক ডিউটিতে দায়িত্ব পালন করছেন।
একই সঙ্গে, যেকোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য আনসার ব্যাটালিয়নের ৩৭টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মোতায়েন রয়েছে।
এ পরিদর্শনের সময় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক মামুনূর রশীদ, উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


