ঝালকাঠি-১ আসনের রাজাপুরে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ফয়জুল হককে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকের তিন কর্মীর ওপরও হামলা হয়েছে বলেও দাবি করেছে ঝালকাঠি জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে আদাখোলা স্কুল ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- জাহিদ, প্রার্থীর ব্যক্তিগত সহকারী (পিএস) খায়রুল ও দলের কর্মী সাইফুল। আহতদের অভিযোগ, কেন্দ্রে ভোট কারচুপি হচ্ছে এমন অভিযোগের খবর পেয়ে জামায়াত প্রার্থী ফয়জুল হক কয়েকজন সমর্থককে নিয়ে কেন্দ্রে যান। এ সময়, সেখানে উত্তেজনা তৈরি হলে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রে প্রবেশের সময় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে ঘিরে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তাকে লাঞ্ছিত করা হলে রক্ষা করতে এগিয়ে আসেন দলের কর্মীরা। এ সময় ফয়জুলের পিএস খায়রুলসহ কয়েকজন কর্মী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফয়জুল হক অভিযোগ করেন, তাকে হত্যার চেষ্টা করা হয়। এ সময় দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলেও জানান তিনি।
রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, ওই কেন্দ্রের ভোটগ্রহণ চলছে। একটা অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


