মাদারীপুর-২ আসনের একটি কেন্দ্রে রেজাল্ট শিটে অগ্রিম সই নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজৈরের ৮৪ নং নরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বাকি বিল্লাহর বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। তিনি সর মঙ্গল ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক।
বিষয়টি বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহানের নজরে এলে তিনি সাংবাদিকদের অবহিত করেন। পরে প্রশাসনের যাচাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর পরপরই জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজ উল আলমকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে সই করা রেজাল্ট শিট জব্দ করেন।
মাহফুজ উল আলম বলেন, ‘সই করা রেজাল্ট শিটগুলো জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে প্রিসাইডিং অফিসার বাকি বিল্লাহ বলেন, ‘কাজ এগিয়ে রাখার জন্য সইগুলো নিয়ে রেখেছিলাম। আমার ভুল হয়ে গেছে।’


