বাংলাদেশে বড় বিভাজন তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়।’
রোববার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসঙ্গে বাস করবে। একইভাবে থাকবে। ১৯৭১ সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মূল ভিত্তি যে কথাটা ছিল, সেটা ছিল “সকলের বাংলাদেশ”।’
একইভাবে তারেক রহমানের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ প্রসঙ্গেও কথা বলেন তিনি।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘আমাদের নেতা যে স্লোগানটি দিয়েছেন সেটি খুব গুরুত্বপূর্ণ। সেটা একদিকে যেমন জাতীয় ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ। “সবার আগে বাংলাদেশ” স্লোগানটি বুকের মধ্যে গেঁথে নিতে হবে। এটি ধারণ করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
সব প্রতিবন্ধকতা দূর করে, সব অপপ্রয়াসকে পরাজিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। আর এ কাজে ছাত্রদলকে অগ্রগামী ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।


