চট্টগ্রামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির একাংশের নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এছাড়া বিএনপির মনোনীত প্রার্থীদের বাইরে গিয়ে অনেক নেতার পক্ষে তাঁদের অনুসারীরাও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের মনোনয়ন সংগ্রহের তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর ১৪টি আসন থেকে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এনিয়ে পুরো চট্টগ্রাম জেলার ১৬টি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯৯ জন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেদায়েত উল্যাহ্ জানান, বিভাগীয় কমিশনার ও তাঁর সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে ১৮ জন ও চট্টগ্রাম-১১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকারী উল্লেখযোগ্যদের মধ্যে আছেন চট্টগ্রাম-২ আসনে বিএনপির মো. আজিম উল্লাহ বাহার, চট্টগ্রাম-৩ আসনে বিএনপির মোস্তফা কামাল পাশা ও মো. রফি উদ্দিন ফয়সাল, চট্টগ্রাম-৫ আসনে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-১১ আসনে বিএনপির এ কে এম আবু তাহের ও মোহাম্মদ নুর উদ্দীন নাহিদ নিয়াজ, চট্টগ্রাম-১২ আসনে বিএনপির সৈয়দ সাদাত হোসেন ও গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ এবং চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির মোহাম্মদ নুরুল আনোয়ার ও এহছানুল মৌলা।


