চাঁদপুরের কচুয়ায় বাড়ি থেকে ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সিঁধ কেটে ঘরে ঢুকে চুরি করতে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়। সোমবার ভোরে উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম ওই এলাকার মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।
স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে ৯টা থেকে সোমবার ভোর ৪টার মধ্যে কোনো এক সময়ে চোর চক্রটি কৌশলে বসতঘরের দেয়ালের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। মালামাল লুট করার সময় বৃদ্ধা ফাতেমা বেগম বিষয়টি টের পেয়ে চোরদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে চোরেরা বৃদ্ধার থুতনি ও নাকে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে।
গুরুতর জখমের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে কচুয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে অপরাধীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।


