বিনিয়োগ-বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্সের প্রস্তাব ভারতের

বিনিয়োগ-বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্সের প্রস্তাব ভারতের
ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশ-ভারতের বিনিয়োগ ও বাণিজ্য সম্পর্ক বাড়াতে অবকাঠামো বিনিয়োগ, অর্থায়ন ও প্রযুক্তি খাতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)।

মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির সঙ্গে বৈঠক করে সিআইআইয়ের ব্যবসায়ী প্রতিনিধি দল। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ প্রস্তাবের কথা জানান সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি।

চন্দ্রজিৎ ব্যানার্জি বলেন, ‘দুই দেশের বাণিজ্য কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশের পণ্যের বড় সম্ভাবনা রয়েছে। সেই সুযোগ কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশের বেসরকারি খাতের সঙ্গে বিটুবি যোগাযোগ জোরদার করাই প্রতিনিধি দলের অন্যতম উদ্দেশ্য।’

সিআইআই প্রতিনিধি দলের সদস্য ও ইনফ্রাভিশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিনায়ক চ্যাটার্জি বলেন, ‘আমাদের প্রথম প্রস্তাব অবকাঠামো বিনিয়োগ ও অর্থায়ন বিষয়ক টাস্কফোর্স গঠন। দ্বিতীয় প্রস্তাব প্রযুক্তিভিত্তিক সানরাইজ সেক্টরে বিটুবি অংশীদারত্ব বাড়ানো।’

তিনি বলেন, তরুণ উদ্যোক্তারা নতুন সম্ভাবনাময় খাতে বিনিয়োগে আগ্রহী। এসব খাতের মধ্যে নিউক্লিয়ার পাওয়ার, সেমিকন্ডাক্টর, হাইড্রোজেন ও অ্যামোনিয়া, নবায়নযোগ্য জ্বালানি, ব্যাটারি ও স্টোরেজ, হাইস্পিড রেল, ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা, সোলার সেল ও মডিউল উৎপাদন রয়েছে।

আরও পড়ুন

এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, ‘সিআইআইয়ের প্রস্তাব কাজে লাগিয়ে দুই দেশের বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের অশুল্ক বাধা দূর করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক বিষয় পাশে রেখে দুই দেশের ব্যবসায়ীরা বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চান। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রায় ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। এ ঘাটতি কমাতে দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের যৌথভাবে কাজ করতে হবে।’

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘দুই দেশের ব্যবসা-বাণিজ্যের বাধাগুলো দূর করতে ব্যবসায়ী ও অংশীজনদের নিয়ে সমাধান খুঁজতে হবে। ব্যবসা-বাণিজ্যের প্রকৃত সমস্যা ব্যবসায়ীরাই ভালো জানেন। এফবিসিসিআই ও সিআইআইয়ের যৌথ উদ্যোগে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে।’

বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মো. মাহবুবুর রহমান, মীর নাসির হোসেন, মো. জসিম উদ্দিন, ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি রিজওয়ান রাহমান, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলসহ বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের নেতারা।

সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জির নেতৃত্বে দুই দিনের সফরে বাংলাদেশে এসেছে সংগঠনটির ব্যবসায়ী প্রতিনিধি দল। এতে ভারতের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad