পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছে বলে রয়টার্স জানিয়েছে।
দীর্ঘদিন ধরেই ইমরান খানের পরিবার ও দল তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে আসছিল এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরের দাবি জানাচ্ছিল।
পিটিআইয়ের মুখপাত্র নাইম হায়দার পানজুথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সুপ্রিম কোর্ট ইমরান খানকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে সেখানে রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, ‘এই আদেশ অত্যন্ত স্বস্তিদায়ক। তবে এটি আরও আগে হলে তার চোখ ও সামগ্রিক স্বাস্থ্যের এমন গুরুতর অবনতি হতো না।’
এর আগে ইমরানের আইনি দল ও পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, দীর্ঘদিন কারাগারে থাকার ফলে তার ডান চোখের দৃষ্টিশক্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
৭৩ বছর বয়সী সাবেক এই বিশ্বখ্যাত ক্রিকেটার ২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। এরপর রাষ্ট্রীয় উপহার গ্রহণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাবন্দী রয়েছেন। ইমরান খান ও তার দল শুরু থেকে এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ক্রিকেট তারকারাও কারাগারে ইমরান খানের প্রতি মানবিক আচরণের দাবি জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।
২০১৮ সালের নির্বাচনে জয়ী হয়ে পিটিআই সরকার গঠন করলেও ২০২৪ সালের সাধারণ নির্বাচনে দলটির দলীয় প্রতীক বাতিল করা হয়। বর্তমানে প্রতীক ছাড়া স্বতন্ত্র হিসেবে লড়েও পাকিস্তানজুড়ে শক্তিশালী জনসমর্থন ধরে রেখেছে ইমরান খানের অনুসারীরা।


