চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আরাফাত (২৬) নামে এক তরুণকে প্রায় আধা কিলোমিটার ধাওয়া করে গুলি করেছে কয়েকজন অস্ত্রধারী।
সোমবার বিকাল ৪টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আরাফাত পাশের বুড়িশ্চর ইউনিয়নের আব্দুর রশিদ টেন্ডলের বাড়ির বাসিন্দা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার মুখে গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, আরাফাত নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার কারণ ও হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকালে মদুনাঘাট বাজার এলাকা থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করেন। প্রায় আধা কিলোমিটার দূরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় তাকে ধরে গুলি করে হামলাকারীরা দ্রুত সেখান থেকে চলে যায়। এ সময় গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, গুলির শব্দ শুনে এবং স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, মদুনাঘাটের আরাফাত নামের এক তরুণকে গুলি করে কয়েকজন ব্যক্তি পালিয়ে গেছে।
নাজিম উদ্দিনের ধারণা, স্থানীয় কোনো বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মদুনাঘাট পুলিশ ফাঁড়ি। ফাঁড়ির পরিদর্শক ইব্রাহিম আহমেদ বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুলিবিদ্ধ একজনকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেছেন। ঘটনাটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের রেজিস্ট্রার উপল চৌধুরী জানান, আরাফাত নামের একজন রোগী হাসপাতালে ভর্তি আছেন। তার মুখে গুলি লেগেছে। তবে আঘাত গুরুতর নয়। এটি রাবার বুলেট বা ছররা গুলির আঘাত হতে পারে। শরীরের অন্য কোথাও তার জখম পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তথ্য সংগ্রহ করা হচ্ছে।


