মধ্যপ্রাচ্যের ছয়টি রুটে ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া অবধি আগামী ৫ মার্চ পর্যন্ত দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা ও কুয়েতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধ থাকবে।
মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।
এদিন মঙ্গলবার মধ্যপ্রাচ্যগামী অন্যান্য বিমানের ফ্লাইটসহ মোট ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
যুদ্ধ পরিস্থিতির কারণে শাহজালাল বিমানবন্দর থেকে ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ১৪৭টি ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। এ কারণে বিমানবন্দরে বাড়ছে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভিড় আর ভোগান্তি।
যাত্রীদের নির্ধারিত সময়ের চার ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
অন্যদিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সকালে সাতটিসহ এখন পর্যন্ত সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।


