জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে সমর্থন জানিয়েছে আলজেরিয়া।
ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ সমর্থনের কথা জানান। মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পায়।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার আগ্রহ ব্যক্ত করেন। তিনি দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার দেশের দৃঢ় আগ্রহের কথা জানান। তিনি সম্ভাবনাময় বিভিন্ন খাতে যৌথ উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
উভয় পক্ষ ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত সংলাপের মাধ্যমে সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।


