পদত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও দুই কমিশনার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে তারা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন।
তারা হলেন দুদক চেয়ারম্যান ড. এম এ মোমেন এবং দুই কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। বিদায়ী অন্তর্বর্তী সরকার তাদেরকে ৫ বছরের জন্য নিয়োগ দিয়েছিল।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সাবেক উপদেষ্টা ফাওজুল করিমের সরকারি বাসভবনে এক ইফতার অনুষ্ঠানে যোগ দেন দুদক চেয়ারম্যান ড. মোমেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ছবি প্রকাশের পর এনিয়ে সমালোচনা শুরু হয়। মূলত তখন থেকেই সরকার দুদক চেয়ারম্যান ও কমিশনারদেরকে তাদের পদে দেখতে চায় না বলে ইঙ্গিত দেওয়া হয়। গত রোববার থেকে জোরদার হয় তাদের পদত্যাগের গুঞ্জন।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণির সঙ্গে দেখা করেন দুদক চেয়ারম্যান ড. মোমেন। এসময় সরকারের ইচ্ছা নিশ্চিত হয়ে পদত্যাগপত্র জমা দেন।


