গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী চারদিন নির্বাচনী এলাকায় অবস্থানের ওপর বিধিনিষেধ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার থেকে ভেটগ্রহণের পরদিন বিকাল পর্যন্ত নির্বাচনী এলাকায় বাসিন্দা ও ভোটার এবং নির্বাচনী কাজে জড়িতরা ছাড়া অন্য কেউ অবস্থান করতে পারবে না।
নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত ও নির্বাচন কমিশনের অনুমতি পাওয়া ব্যক্তি এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।
ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব জেলা প্রশাসক, মহানগর পুলিশ কর্তৃপক্ষ এবং জেলা পুলিশ সুপারদের নির্দেশনা দিয়েছে কমিশন।


