সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে দিয়ে ভারতে অনুপ্রবেশ করে কয়লা আনতে গিয়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার উপজেলার চারাগাঁও সীমান্তের ভারতের অভ্যন্তরে কয়লা কোয়ারির ভেতরে মাটি ধসে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক ইউনুছ আলী (২২) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের ছমির উদ্দিনের ছেলে।
জানা গেছে, বুধবার ভোরে ১০/১৫ জন শ্রমিক কয়লা আনতে চারাগাঁও সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন। একপর্যায়ে গুহার ভেতরে ঢুকে কয়লা কুড়ানোর সময় মাটি ধসে তাতে চাপা পড়ে ইউনুছ আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় ইউনুছ আলীর মরদেহ গুহার ভেতর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


