দেশের প্রান্তিক ও উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা ছড়িয়ে দিতে সরকার ‘কমিউনিটি মেন্টাল হেলথ’ নামে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবার ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে এ সেবা পৌঁছে দিতে সরকার এ প্রকল্প নিয়েছে। এর আওতায় উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার সঙ্গে সমন্বিত রেফারেল ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি টেলি-কাউন্সেলিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আঁচল ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি) ‘নীরবতা থেকে পদক্ষেপ: তরুণদের আত্মহত্যা নিয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রমকে শুধু প্রচারণার মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
এম এ মুহিত বলেন, এই আন্দোলনকে ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে জনকল্যাণে কাজে লাগাতে হবে। একই সঙ্গে সমাজের প্রতিটি নাগরিককে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে হবে, যাতে মানুষ নিজের পাশাপাশি অন্যের মানসিক সুস্থতা নিশ্চিত করতেও ভূমিকা রাখতে পারে।
দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গু সংক্রমণের সর্বোচ্চ পর্যায় বা পিক সময় আসতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার তিন মাসব্যাপী বিশেষ ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।
ক্যাম্পেইনে স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তিনি।
এইচআরডিসির প্রধান নির্বাহী মাহবুবুল হকের সভাপতিত্বে সেমিনারে সাইফুন নাহার, কামাল উদ্দিন আহমেদ চৌধুরী, সাংবাদিক ইকরামুল হক সায়েম, গবেষক গওহার নাঈম ওয়ারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


