দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের মৃত্যু। এ সময়ে ১ হাজার ৫৭১ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরে এক দিনে মৃত্যু ও হাসপাতালে ভর্তির হিসাবে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ বলে অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের মঙ্গলবারের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়েছে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৪৭৫ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ১৩০ জনের।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ৪২ হাজার ১২৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের হাসপাতালগুলোতে ৪০৮ জন।

এরপর খুলনা বিভাগে ২৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৭ জন, বরিশাল বিভাগে ১৪২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৪ জন ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

এ ছাড়া রাজশাহী বিভাগে ১১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে আটজন ডেঙ্গু রোগী গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন রোগী ভর্তির এই চিত্র বলছে, ডেঙ্গুর প্রকোপ এখন শুধু রাজধানী বা ঢাকা-কেন্দ্রিক নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও সংক্রমণ বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয়জনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এ ছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় দুজন, খুলনা বিভাগে দুজন, বরিশাল বিভাগে একজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বরের প্রথম আট দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৬২৯ জন এবং মারা গেছেন ৩৩ জন। এর আগে আগস্টে মোট ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং ৪৩ জনের মৃত্যু হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, আগস্টের পুরো মাসে যত মৃত্যু হয়েছে, সেপ্টেম্বরের মাত্র আট দিনেই তার প্রায় ৭৭ শতাংশ মৃত্যু হয়েছে। একইভাবে আগস্টে মোট যত রোগী ভর্তি হয়েছিলেন, সেপ্টেম্বরের আট দিনেই তার প্রায় ৪৭ শতাংশ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি হলেও মৃত্যুর ক্ষেত্রে নারীদের অংশ বেশি। ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৪৫ হাজার ৪৭৫ ডেঙ্গু রোগীর মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৮ শতাংশ নারী। বিপরীতে ১৩০ মৃত্যুর মধ্যে নারী ৫৫ দশমিক ৪ শতাংশ এবং পুরুষ ৪৪ দশমিক ৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যেও পুরুষের সংখ্যা বেশি ছিল। এ সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ৬৩ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী। তবে একই সময়ে মারা যাওয়া নয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী।

বয়সভিত্তিক হিসাবে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ১৬ থেকে ৩০ বছর বয়সীদের সংখ্যাই সবচেয়ে বেশি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর