তামাক-নিকোটিন নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগের দাবি

তামাক-নিকোটিন নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগের দাবি
Advertisement
Advertisement

বাংলাদেশে অসংক্রামক রোগ রোধ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(এসডিজি) অর্জনে তামাক পণ্যকে অন্যতম প্রধান বাধা হিসেবে চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্সের (আত্মা) যৌথ আয়োজনে এক গোলটেবিল বৈঠকে তারা এ আহ্বান জানান।

সরকারের পাঁচ বছর মেয়াদি এসডিজি বিষয়ক কৌশলগত উদ্যোগকে এগিয়ে নিতে এ ধরনের পদক্ষেপ জরুরি বলে আলোচনায় উঠে আসে।

বৈঠকে জানানো হয়, বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই ঘটে হৃদরোগ, স্ট্রোক, ক্যানসারসহ বিভিন্ন অসংক্রামক রোগের কারণে, যার পেছনে মূল অনুঘটক হিসেবে কাজ করছে তামাক ও নিকোটিন পণ্য। দেশে প্রতি বছর তামাক ব্যবহারজনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় ২ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে, যা এসডিজির স্বাস্থ্য বিষয়ক লক্ষ্য-৩ অর্জনে বড় অন্তরায়। কেবল স্বাস্থ্য খাতই নয়, দারিদ্র্য নির্মূল, খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি, মানসম্পন্ন শিক্ষা, লিঙ্গ সমতা এবং পরিবেশ, জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণসহ এসডিজির প্রায় সবগুলো লক্ষ্য অর্জনেই তামাক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাঁধা সৃষ্টি করছে। তাই শক্তিশালী আইন এবং তার কঠোর বাস্তবায়ন ছাড়া অসংক্রামক রোগজনিত অকাল মৃত্যু এক-তৃতীয়াংশ কমিয়ে আনার লক্ষ্য পূরণ অসম্ভব হয়ে পড়বে।

আরও পড়ুন

অতিসম্প্রতি তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এতে ই-সিগারেট ও ভেপিংসহ ইমার্জিং টোব্যাকো ও নিকোটিন পণ্যগুলোকে আইনের আওতার বাইরে রাখা হয়েছে। বিশ্বজুড়ে বহু দেশ ইতিমধ্যে স্বাস্থ্যক্ষতি বিবেচনায় এসব পণ্য নিষিদ্ধ করেছে। ফলে জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশেও এগুলোর বিরুদ্ধে দ্রুত যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন বক্তারা।

অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, তামাক নিয়ন্ত্রণ কেবল স্বাস্থ্য খাতের বিষয় নয়; বরং এটি দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার সাথে সরাসরি সম্পর্কিত। তামাক নিয়ন্ত্রণে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক অঙ্গীকার বাস্তবায়ন করা গেলে তা এসডিজি অর্জনের পথকে সুগম করবে।

বাংলাদেশ ক্যানসার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, ক্যানসার আক্রান্ত মানুষের কষ্ট তামাকের ভয়াবহ পরিণতি সবার সামনে তুলে ধরে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক বিরোধী কার্যক্রম আরও জোরদার করতে হবে।

আত্মা’র কো-কনভেনর নাদিরা কিরণের সঞ্চালনায় বৈঠকে মূল উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র হেড অব প্রোগ্রামস হাসান শাহরিয়ার। এতে আরও বক্তব্য রাখেন ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমদ, চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম, আত্মা’র কনভেনর মর্তুজা হায়দার লিটন ও প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর