ব্রাহ্মণবাড়িয়ায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার বিকালে কসবায় তিনলাখপীর বাজারে বিনাউটি ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় একটি বক্তব্যের জের ধরে ও ব্যানারে নাম না থাকা নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের চার থেকে পাঁচজন নেতাকর্মী আহত হয়। সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যায় পুরো ইফতার মাহফিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের নিদের্শে ৫ নং বিনাউটি ইউনিয়ন বিএনপি তীনলাখপীর বাজারে ইফতার মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস।
এছাড়া এতে উপজেলা বিএনপির বর্তমান ও সাবেক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তবে অনুষ্ঠানে কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনকে আমন্ত্রণ জানানো হয়নি। পাশাপাশি ব্যানারেও তার নাম ছিল না।
অনুষ্ঠান চলাকালে কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দীপু তার বক্তব্যে নির্বাচনে বিএনপির বিপক্ষে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ‘ধিক্কার’ জানিয়ে বক্তব্য দেন।
এরপরই কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন সেখানে উপস্থিত হয়ে ব্যানারে তার এবং বিনাউটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের নাম না থাকা নিয়ে আপত্তি করেন। পাশাপাশি যুবদল নেতা দীপুর বক্তব্য নিয়ে মাহফিলে উপস্থিত অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুই গ্রুপের নেতাকর্মীরা চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষে জড়ায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে পুরো ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


