একই দিনে দেশের তিন জেলায় ককটেল বিস্ফোরণ, গুলি ও সহিংসতার ঘটনা ঘটেছে। শনিবার ভিন্ন ভিন্ন কারণে এসব ঘটনা ঘটেছে।
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও ককটেল বিস্ফোরণ হয়। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পৌর বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করা হয়। এদিকে কুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ হয়। এসব ঘটনায় চারজন আহত হন।
গাজীপুর
গাজীপুর মহানগরের বাসন থানার ভিটিপাড়া এলাকায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। একই সঙ্গে ঝুটবোঝাই ট্রাক ও এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভিটিপাড়ায় অবস্থিত ম্যানেল ফ্যাশন লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি ও যুবদলের কিছু নেতাকর্মীর নিয়ন্ত্রণে ছিল। শনিবার সকালে খান ট্রেডিংয়ের মালিক কৌশিক খান চুক্তি অনুযায়ী ঝুট নিতে গেলে নতুন করে বিরোধের সৃষ্টি হয়।

এ সময় মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শরীফ আজাদ, বাসন থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম দিপু ও মান্নানের নেতৃত্বে একটি পক্ষ ঝুট বের করতে গেলে স্থানীয় আরেক পক্ষ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং কয়েক রাউন্ড গুলি ছোড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর দক্ষিণ রেলগেট সংলগ্ন অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে স্থানীয় এক চায়ের দোকানদার গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার রাত ৮টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চার থেকে পাঁচজন দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ও ককটেল নিয়ে ডাবলুর অফিসের নিচে এসে তাকে গালিগালাজ করতে থাকে। পরে তারা অফিস লক্ষ্য করে ছয় থেকে সাত রাউন্ড গুলি ছোড়ে এবং দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
এতে অফিসের পাশে থাকা চায়ের দোকানদার শুকুর আলী গুলিবিদ্ধ হন। পাশের একটি দোকানের কয়েকটি অ্যাকুরিয়ামও ভেঙে যায়। ঘটনার সময় পৌর ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা অফিসে উপস্থিত ছিলেন। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

গুলিবিদ্ধ শুকুর আলী জানান, হঠাৎ একটি গুলি এসে তার গলায় লাগে। এরপর গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যান। পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু বলেন, তার অফিস লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করা হয়েছে এবং তাকে অফিস গুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দক্ষিণ রেলগেট এলাকায় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। দুর্বৃত্তদের ধরতে পুলিশ কাজ করছে।
কুমিল্লা
কুমিল্লা নগরীতে মন্দির ও মসজিদের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় তিনজন আহত হয়েছেন। শনিবার রাতে নগরীর ঠাকুরপাড়া কালীগাছতলা মন্দির ও পাশের বাগানবাড়ি মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন–কালীগাছতলা মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী, মসজিদের মুসল্লি আবদুল বারেক এবং আরও একজন। তার পরিচয় জানা যায়নি। তারা কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, কালীগাছতলা মন্দিরে শনি পূজা চলাকালে তিনজন দুর্বৃত্ত একটি ব্যাগ নিয়ে মণ্ডপে প্রবেশ করে। এ সময় তারা একটি ককটেল বটগাছের নিচে ফেলে দেয়। পুরোহিত কেশব চক্রবর্তী লাঠি দিয়ে ককটেলটি সরানোর চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়ে তিনি আহত হন।
পরে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় মন্দিরের সামনে একটি ব্যাগ রেখে যায় এবং পথে বাগানবাড়ি মসজিদের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। এতে দুই মুসল্লি আহত হন।
পুলিশ সুপার বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে এবং রমজান মাসে কুমিল্লার পরিবেশ অশান্ত করতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।


