প্রবাসীদের পাসপোর্টের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

প্রবাসীদের পাসপোর্টের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ
প্রতিকী ছবি
Advertisement
Advertisement

প্রবাসীদের নতুন পাসপোর্ট তৈরি বা পুরোনো পাসপোর্ট নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির আদেশ দিয়েছে হাইকোর্ট। একটি রিটের শুনানি করে রোববার বিচারপতি মো. হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

প্রবাসীদের নতুন পাসপোর্ট তৈরি বা পুরোনো পাসপোর্ট নবায়নের আবেদন দীর্ঘদিন থেকে সরবরাহ করা হচ্ছে না, এমন অভিযোগের খবর গণমাধ্যমে প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়। শুনানি শেষে আদালত আগামী ৬০ দিনের মধ্যে প্রবাসীদের নতুন পাসপোর্ট তৈরি বা পাসপোর্ট নবায়নের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। এ ছাড়া ৯০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না বা কেন পাসপোর্ট তৈরি বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রিটে বিবাদীরা হলেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয় সচিব, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও আইন সচিব, পাসপোর্ট অফিসের ডিজিসহ মোট ১৪ জন।

আদালত অপর এক আদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ২১ দিনের মধ্যে একটি চিঠি ইস্যু করে দেশের বিভিন্ন হাইকমিশন ও অ্যাম্বেসিকে প্রবাসীদের দাখিলকৃত নতুন পাসপোর্ট বা নবায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য পাসপোর্ট অফিসে পাঠানোর নির্দেশ দিয়েছে এবং ৩০ দিনের মধ্যে আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জিসান হায়দার। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি আদালতে বলেন, ‘লাখ লাখ প্রবাসী বিভিন্ন দেশে বসবাস করে এবং চাকরি করে উপার্জিত অর্থ রেমিট্যান্স হিসেবে দেশে প্রেরণ করে। এতে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হয়, কিন্তু প্রবাসীদের পাসপোর্ট দেওয়া এবং নবায়নের আবেদন দিনের পর দিন পেন্ডিং থাকার কারণে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি কখনো কখনো তাদের অনেকের চাকরি হারাতে হচ্ছে, এতে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad