কুমিল্লার দাউদকান্দিতে খামারপাড়ায় খিরাই নদে ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়েছে বেইলি সেতু। এ ঘটনায় সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পেয়েছেন বাল্কহেডের চালক, সুকানি, সহকারী ও ১৭জন শ্রমিক।
বাল্কহেডের মালিক জুয়েল পাটোয়ারী বলেন, তিনি ৫০ হাজার টাকা ভাড়ায় ৪০ হাজার ইটবোঝাই করে ঢাকার জিঞ্জিরা থেকে শনিবার ভোরে রওনা দেন। সন্ধ্যায় খিরাই নদ দিয়ে দাউদকান্দি উপজেলার খামারপাড়া বেইলি সেতুর নিচে পৌঁছালে বিকট শব্দে সেতুটি ভেঙে বাল্কহেডের ওপর পড়ে। এ সময় বাল্কহেডে থাকা সবাই সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান। তবে চালক-সুকানি ও শ্রমিকদের ব্যবহার্য জিনিসপত্র রক্ষা করা যায়নি। এছাড়া ২৫ লাখ টাকা দামের বাল্কহেডেরও ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মজনু মিয়া বলেন, দীর্ঘদিনের বর্ষা ও বৃষ্টিতে বেইলি সেতুর পাটাতনগুলো মরিচা পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। প্রায়ই নষ্ট হওয়া পাটাতন দেবে গিয়ে দুর্ঘটনা ঘটত।
সেতু ভেঙে যাওয়ার পর এই সড়কে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় দাউদকান্দি উপজেলা ছাড়াও চাঁদপুরের মতলব দক্ষিণ, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলার একাধিক গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


