সাবেক সংসদ সদস্য ও দেশের বিশিষ্ট শিল্পপতি মিল্লাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ বার্ধক্যজনিত কারণে বুধবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বুধবার বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ইমাম আবু রায়হান জানাজায় ইমামতি করেন। এর আগে তার বড় ছেলে পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন এবং পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। জানাজা শেষে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জানাজায় আরও উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য আবু ওয়াহাব আকন্দ ময়মনসিংহ-৪, জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন, অতিরিক্ত সচিব এফ অ্যান্ড পিআর, যুগ্মসচিব মানবসম্পদ, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংসদ সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ ১৯৯১ ও ১৯৯৬ সালে অনুষ্ঠিত পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য হিসেবে তিনি এলাকায় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং শিল্প-বাণিজ্যের প্রসারে অবদান রাখেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোকবার্তায় তিনি বলেন, মিয়া আব্দুল্লাহ ওয়াজেদের মৃত্যুতে তার পরিবার, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মতো তিনিও গভীরভাবে সমব্যথী। তিনি দেশের শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং একজন সৎ ও কর্মনিষ্ঠ উদ্যোক্তা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।


