ইউনাইটেড হেলথকেয়ার বাংলাদেশে প্রথমবারের মতো সফলভাবে পূর্ণাঙ্গ রোবোটিক সার্জারি সম্পন্ন করেছে। রাজধানীর মাদানী এভিনিউয়ে প্রতিষ্ঠানটির হাসপাতালে সোমবার একদিনে দুটি অস্ত্রোপচার করা হয়।
মঙ্গলবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে চিকিৎসকেরা জানান, মেডবট টুমাই এন্ডোস্কোপিক সার্জিক্যাল রোবটের সহায়তায় অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল এই সফল অস্ত্রোপচার দুটি পরিচালনা করেন।
প্রথম অস্ত্রোপচারে এন্ডো-ল্যাপারোস্কপিক ও রোবোটিক সার্জারি বিভাগের প্রধান রফিকুস সালেহীন পিত্তথলিতে পাথরে আক্রান্ত ৫৭ বছর বয়সী একজন পুরুষ রোগীর সফল রোবোটিক কোলেসিস্টেকটমি করেন।
দ্বিতীয় অস্ত্রোপচারটি পরিচালনা করেন প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান সামছাদ জাহান শেলী, যেখানে তিনি জরায়ু থেকে অতিরিক্ত রক্তক্ষরণে আক্রান্ত ৪৫ বছর বয়সী এক নারীর সফল রোবোটিক হিস্টেরেকটমি সম্পন্ন করেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক সার্জিক্যাল প্রযুক্তির সংযোজনের ফলে বড় কোনো কাটাছেঁড়া ছাড়াই অধিক নিখুঁত অস্ত্রোপচার, কম রক্তক্ষরণ, কম ব্যথা এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার সুযোগ তৈরি হয়েছে। এই প্রযুক্তির রোবটের বাহু ৩৬০ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারায় মানবহাতের তুলনায় শরীরের সংকীর্ণ ও জটিল স্থানে সুনির্দিষ্টভাবে কাজ করা সম্ভব হয়। তবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পাওয়া এই উন্নত চিকিৎসার খরচ প্রচলিত পদ্ধতির তুলনায় প্রায় দুই থেকে তিন গুণ বেশি।
এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রিমোট রোবোটিক পদ্ধতিতে স্টেন্ট স্থাপনের যে প্রক্রিয়াটি হয়েছিল, চিকিৎসকদের মতে সেটি পূর্ণাঙ্গ সার্জারি ছিল না। তবে ইউনাইটেড হেলথকেয়ারে বিশেষায়িত রোবট দিয়ে সরাসরি অস্ত্রোপচার সম্পন্ন করায় এটিকে দেশের প্রথম পূর্ণাঙ্গ রোবোটিক সার্জারি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এ কে এম মোহসিন জানান, এই ধরনের অত্যাধুনিক চিকিৎসা চালু হওয়ার ফলে রোগীদের বিদেশমুখিতা হ্রাস পাবে।
একই সঙ্গে, গ্যাস্ট্রোএন্টারোলজি, হৃদরোগ, নিউরোসার্জারি ও ইউরোলজিসহ বিভিন্ন বিভাগে এই সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।


