ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
রোববার দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারিগাঁও বোলগাঁও এলাকার তিন রাস্তার মোড়ে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুশারিগাঁও বোলগাঁও গ্রামের মহেন চন্দ্র রায়ের স্ত্রী শান্তি রানী রায় ও রাণীশংকৈল উপজেলার রাজোর বনকালী গ্রামের বিহারু রায়ের ছেলে সুহিরাম চন্দ্র রায়।
আহতরা হলেন কুশারিগাঁও বোলগাঁও গ্রামের মহেন্দ্র চন্দ্র রায়ের ছেলে সালোন চন্দ্র রায় ও রাণীশংকৈল উপজেলার রাজোর কনপাড়া গ্রামের মৃত সুধীর চন্দ্র রায়ের ছেলে টেপরা চন্দ্র রায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতের ঘটনায় চারজনই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভ্যানে করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তি রানী রায় ও সুহিরাম চন্দ্র রায়কে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন প্রামাণিক এসব তথ্য নিশ্চিত করেছেন।


