বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য আব্দুল্লাহ-আল-মামুন বলেছেন, দেশের উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হলে গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই।
রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘সাস্ট কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল কার্নিভাল-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুই দিনব্যাপী এই কার্নিভালের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং সিএসই সোসাইটি।
তিনি আরও উল্লেখ করেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু সনদ দেওয়ার প্রতিষ্ঠান হিসেবে সীমাবদ্ধ থাকলে চলবে না। এগুলোকে জ্ঞান সৃষ্টি, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মূল কেন্দ্র হিসেবে রূপান্তর করতে হবে।
‘বর্তমান বিশ্বে শুধু একাডেমিক ফলাফলই শেষ কথা নয়; সমস্যা সমাধানের সক্ষমতা, গবেষণামনস্কতা, সৃজনশীলতা এবং প্রযুক্তিগত দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ,’ যোগ করেন তিনি।
তিনি আরও জানান, প্রোগ্রামিং প্রতিযোগিতা, উদ্ভাবনী প্রতিযোগিতা ও হ্যাকাথনের মতো আয়োজনগুলো শিক্ষার্থীদের বাস্তবমুখী সমস্যার সমাধান এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে দারুণভাবে উৎসাহিত করে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে শিল্পখাতের চাহিদার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করার আহ্বান জানান এই ইউজিসি সদস্য। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যবিজ্ঞান, সাইবার নিরাপত্তা এবং সফটওয়্যার উন্নয়নের মতো উদীয়মান প্রযুক্তিখাতে দক্ষ জনবল তৈরিতে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।
উচ্চশিক্ষাকে আরও কর্মমুখী, প্রযুক্তিনির্ভর এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে তিনি বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপের কথা উল্লেখ করেন।
এর মধ্যে রয়েছে কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও তৃতীয় ভাষা শিক্ষা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধি, উদ্ভাবন অনুদান ও স্টার্টআপ তহবিল গঠন এবং কর্মসংস্থান বিনিময় কেন্দ্র স্থাপনসহ এডু আইডি চালুর মতো উদ্যোগ।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান মো. ফরহাদ রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাবিপ্রবির উপাচার্য মো. খায়রুল ইসলাম, উপ-উপাচার্য মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ ইসমাইল হোসাইন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন মোহাম্মদ মাসতাবুর রহমান, বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ কায়কোবাদ।


