২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ ভর্তি পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৫ হাজার ৬৪৫ জন।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯ ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে dgme.gov.bd আইডি পাসওয়ার্ড দিয়ে শিক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আসন সংখ্যা ৫ হাজার ৬৪৫টি; যার মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০টি এবং বিডিএস ৫৪৫টি। বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আসন সংখ্যা ৭ হাজার ৩৬১টি; যার মধ্যে এমবিবিএস ৬ হাজার ১টি এবং বিডিএস ১ হাজার ৩৬০টি।
এমবিবিএস কোর্সের ১১ হাজার ১০১টি এবং বিডিএস কোর্সের ১ হাজার ৯০৫টি, অর্থাৎ সর্বমোট ১৩ হাজার ৬টি আসনের বিপরীতে এ বছর মোট আবেদনকারী ১ লাখ ২২ হাজার ৬৩২ জন; এদের মধ্যে পুরুষ ৪৯ হাজার ২৮ জন এবং নারী ৭৩ হাজার ৬০৪ জন।
ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫ হাজার ৬৪৫ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।
ভর্তি পরীক্ষায় অবতীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮ দশমিক ২১ শতাংশ), অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ (১ দশমিক ৭৯ শতাংশ) জন, বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ২ জন।
ভর্তি পরীক্ষায় মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৮১ হাজার ৬৪২ জন (৬৬ দশমিক ৫৭ শতাংশ), যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১ হাজার ১২৮ জন (৩৮ দশমিক ১৩ শতাংশ) এবং নারী পরীক্ষার্থী ৫০ হাজার ৫১৪ জন (৬১ দশমিক ৮৭ শতাংশ)।
সরকারি ৩৭টি মেডিকেল কলেজ, ঢাকা ডেন্টাল কলেজ, ৮টি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ৫ হাজার ৬৪৫ আসনের মধ্যে নির্বাচিত নারী পরীক্ষার্থী ৩ হাজার ৬০৩ জন (৬৩ দশমিক ৮০ শতাংশ) এবং পুরুষ পরীক্ষার্থী ২ হাজার ৪২ জন (৩৬ দশমিক ২০ শতাংশ)। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯১ দশমিক ২৫।
বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ/ইউনিটসমূহে আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৬ অনুযায়ী পরবর্তীতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।


