মিরপুর টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশনে চার উইকেট হারালেও দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ানের ১১৯ রানের জুটিতে বাংলাদেশের সাথে প্রথম ইনিংসে ব্যবধান কমিয়ে এনেছে ৬৪ রানে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৬ উইকেটে ৩৪৯ রান তুলেছে পাকিস্তান। আম্পায়াররাও তাই চা-বিরতি ঘোষণা করেন মিনিট পচিশ আগেই।
যদিও সেশনের শেষ দিকে সাফল্য পেয়েছে প্রথম ইনিংসে ৪১৩ রান করা বাংলাদেশ। তাইজুল ইসলামকে তুলে মারতে গিয়ে মিড অফে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। এরপরেই নেমেছে বৃষ্টি। কভারে ঢেকে দেয়া হয়েছে উইকেট ও ইনার সার্কেলের বেশ কিছু অংশ। ষষ্ঠ উইকেটে ১১৯ রানের জুটিতে ফিফটি ছুঁয়েছেন সালমান-রিজওয়ান দুজনই।
যদিও রানের খাতা খোলার আগেই জীবন পান সালমান। ৬৫-তম ওভারে লিটনের হাতে ক্যাচ দিয়েও বেঁচে যান, তাসকিন আহমেদ ওভার স্টেপিং করায়। যদিও এর আগে দারুণ বোলিংয়ে অভিষেকে সেঞ্চুরি করা আজান আওয়াইস ও অধিনায়ক শান মাসুদকে ফিরিয়েছেন তিনি। মেহেদী হাসান মিরাজ নেন সৌদ শাকিল ও আরেক অভিষিক্ত ক্রিকেটার আবদুল্লাহ ফজলের উইকেট।
এর আগে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে খেলা শুরু করা পাকিস্তান ৪ উইকেট হারায় প্রথম সেশনে। ২৫১ রানে ৫ উইকেট হারিয়ে যায় লাঞ্চ ব্রেকে।


